কাজী নজরুল ইসলামকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কবি হিসেবে তুলে ধরার আহ্বান
নজরুলকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কবি হিসেবে তুলে ধরার আহ্বান
ডেস্ক রিপোর্টঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কবি হিসেবে তুলে ধরার দাবি জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। সোমবার জোহরের নামাজের পর কবির সমাধি প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই দাবি জানান।
খোমেনী ইহসান বলেন, কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি বাঙালি মুসলমানের প্রধান কবি হিসেবে গোটা মুসলিম বিশ্বেরই অন্যতম প্রধান কবি। কারণ আরবদের পরে বাঙালিরাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য মুসলমানদের আত্মপরিচয়, ধর্মীয় চেতনা ও আত্মমর্যাদাকে জাগ্রত করেছিল। তিনি ইসলামি আদর্শকে ধারণ করে সাম্য, মানবমর্যাদা ও মুক্তির কথা বলেছেন। তাই তার সাহিত্য বিশ্বদরবারে সঠিকভাবে তুলে ধরা হলে বাঙালি মুসলমানদের মর্যাদা বাড়বে।
কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য মো. সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলামসহ অনেকে।



