ফিলিস্তিনিদের রাষ্ট্রহীন শরণার্থী অবস্থা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জাতিতে পরিণত করার ক্ষেত্রে ইয়াসির আরাফাতের নেতৃত্ব ছিল ঐতিহাসিক। বর্তমান গণহত্যা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের এই সময়ে ফিলিস্তিনজুড়ে তাঁর অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে।
ফিলিস্তিনের মুক্তিকামী আন্দোলনের কিংবদন্তি নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ২২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে “ইয়াসির আরাফাত: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের উত্তরাধিকার” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি লিখিত বক্তব্যে আরাফাতের জীবন ও সংগ্রাম তুলে ধরে বলেন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর যে বাস্তুচ্যুত শরণার্থী জীবনের সূচনা হয়েছিল, ইয়াসির আরাফাত লাগাতার প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে সেই জাতিকে বিশ্বমঞ্চে নিজস্ব প্রতিনিধি, পতাকা ও পরিচয় এনে দিয়েছেন। জাতিসংঘের ভাষণ, রাবাত স্বীকৃতি ও আলজিয়ার্স ঘোষণার মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনের মুক্তিকামী কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে পৌঁছে দেন। এক হাতে জলপাইয়ের ডাল ও অন্য হাতে বন্দুক নিয়ে জাতিসংঘে দাঁড়ানো এই নেতা তাঁর কেফিয়েহ, সামরিক উর্দি ও সাদামাটা জীবনযাত্রার মাধ্যমে নিজেই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন।
খোমেনী ইহসান আরও বলেন, ২০০১ সালের নাইন-ইলেভেনের পর ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ নামে কোণঠাসা করার যে চক্রান্ত হয়, তার প্রথম শিকার হন আরাফাত নিজেই। ২০০২ সালের মার্চে ইসরায়েলি বাহিনী রামাল্লাহর পিএলও সদর দপ্তর ঘিরে ফেলে ভবনের বড় অংশ গুঁড়িয়ে দেয়। ওই বছরের জুনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁকে ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা করে নতুন ফিলিস্তিনি নেতৃত্বের দাবি তোলেন। এরপর ২০০৪ সালের এপ্রিলে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন প্রকাশ্যে আরাফাতের “কোনো বীমা নেই” বলে হুমকি দেন। টানা প্রায় আড়াই বছর অবরুদ্ধ থাকার পর ২০০৪ সালের ১১ নভেম্বর পোলোনিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও সাকিব সামিন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এবং সহকারী সদস্যসচিব মো. আরিফুল ইসলাম।
ঐতিহাসিক প্রেক্ষাপট
১৯২৯ সালের ২৪ আগস্ট কায়রোয় গাজা-মূলের এক ব্যবসায়ী পরিবারে আরাফাতের জন্ম হয় এবং তাঁর শৈশবের কিছু সময় কাটে জেরুজালেমে। ১৯৪৮ সালের ‘নাকবা’য় প্রায় সাত লাখ ফিলিস্তিনি উৎখাত হলে তরুণ আরাফাত সেই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেন।
পরবর্তীতে কায়রোয় ফিলিস্তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে অভিজ্ঞতা অর্জন করে ১৯৫৯ সালে কুয়েতে প্রবাসী ছাত্র ও বন্ধুদের সঙ্গে নিয়ে ‘ফাতাহ’ আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৮ সালের ঐতিহাসিক কারামেহর যুদ্ধ তাঁকে মুক্তিকামী আন্দোলনের প্রতীকে পরিণত করে এবং ১৯৬৯ সালে তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।



