ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান শহীদ জিয়াউর রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্থপতি’ হিসেবে আখ্যায়িত করেন।
শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) সংগঠনটির নেতৃবৃন্দ উভয় নেতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সূচনা করেছিল এবং শহীদ জিয়াউর রহমানই ছিলেন আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্থপতি।
খোমেনী বলেন, শহীদ জিয়া আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্থপতি ছিলেন। তিনি সৎ মুসলিম শাসকের দৃষ্টান্ত ছিলেন। তিনি কোনো একটি দলের নন। তিনি সকল দেশপ্রেমিক জনগণের৷ আমাদের দল মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে। আমরা আদর্শিক কারণে তার জন্য দোয়া করতে মাজারে এসেছি।
খোমেনী ইহসান তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘আধিপত্যবাদবিরোধী মহীয়সী নেত্রী’ ও ‘সার্বভৌমত্বের প্রতীক’ হিসেবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি দমন করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রদর্শিত পথ অনুসরণের মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জিয়ারত অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় সদস্য সালমান সাকিব, সাকিব সামিন, জয়নাল আবেদিন এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেন।



