সংবাদ বিজ্ঞপ্তিঃ কাশ্মীরের কালো দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
সমাবেশে বক্তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৪৮ সালের ৪৭ নম্বর প্রস্তাব অনুযায়ী গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ১৯৪৭ সালের এই দিনে ভারতীয় সেনারা শ্রীনগরে প্রবেশ করে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বলেন, কাশ্মীরিদের অধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তাদের মর্যাদা, স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন। গণভোটে কাশ্মীরিরা স্বাধীনতা চাইলে ভারতকে তা মেনে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গত আট দশকে কাশ্মীরে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরিরা বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার আটক, হেফাজতে মৃত্যু, গুম, নির্যাতন, ধর্ষণ ও যৌনসহিংসতার শিকার হচ্ছেন। এই নিপীড়ন বন্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খোমেনী ইহসান আরও বলেন, প্রত্যাশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামগুলোতে কাশ্মীরের জনগণের অধিকারের পক্ষে সোচ্চার হবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ ও শাহ ফেরদৌস হাসান নাজমুল।
উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমীর চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার এবং জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইদুল ইসলাম, সেলিম রেজা বাচ্চুসহ অন্যরা।



