নিউইয়র্ক অফিসঃ সম্প্রতি বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক মুজিবুর রহমান মঞ্জুর আমেরিকা সফর উপলক্ষ্যে নিউইয়র্কের জ্যামাইকায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্যাট্রিয়টস অব বাংলাদেশের প্রধান আবদুল কাদেরের উপস্থাপনায় ও সংগঠনটির উপদেষ্টা আবদুল আজিজের সভাপতিত্বে সভায় বাংলাদেশী-আমেরিকান নানা সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি লিডার ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন "হাসিনার স্বৈরশাসন এতটাই দীর্ঘ হয়ে গিয়েছিল যে বিএনপির অনেক বড় বড় নেতারাও রাজনীতি থেকে হতাশ হয়ে ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু আজকে অনেকেই বিপ্লবী নেতা বনে গেছেন, অনেকেই ১ দফার জনক হয়ে গেছেন।"
তিনি ইউনুস সরকারের দুর্বল শাসন ও বিএনপি সরকারের অদক্ষতায় দেশের মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাবেক সিনেটর প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া বলেন, “জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরাট অবদান ছিল যার অনেকের কাছেই অজানা।শুধু রেমিটেন্স শাটডাউনই না, আমরা এই আমেরিকা থেকে ডঃ মির্জা গালিবের নেতৃত্বে একাডেমিশিয়ান একটা টীম রাত দিন বাংলাদেশে সমন্বয়কদের মিডিয়া, স্ট্রাটেজী ও টেকনিকাল সাপোর্ট দিয়েছি আন্দোলনের একদন শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর্যন্ত।"
তিনি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে প্রবাসী বাংলাদেশীদের সাথে কোন মতবিনিময় না করায় এর সমালোচনা করেন ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারো রেমিটেন্স শাটডাউন হতে পারে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা মিনা ফারাহ, ডঃ শেখ মিজান, কবি কাজী জহিরুল ইসলাম, কবি ও এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের প্রতিনিধি রওশন হক, প্রখ্যাত ব্যান্ড শিল্পী বিপ্লব।



