দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নানামুখী নাশকতামূলক কর্মকাণ্ড ও এর ফলে একজনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভ উল্লেখ করে, সম্প্রতি নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে যে ধরনের সহিংসতা ঘটছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। কোনো রাজনৈতিক কর্মসূচির আড়ালে অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার কিংবা মানুষের প্রাণহানির সুযোগ নেই বলে দৃঢ় অভিমত ব্যক্ত করে তারা।
বিবৃতিতে বলা হয়, ধারাবাহিক এসব নাশকতার পর নাগরিকদের জানমাল রক্ষায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের ঘাটতি দেখা যাচ্ছে। সম্ভাব্য সহিংসতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আইন প্রয়োগে বৈষম্য বা নিষ্ক্রিয়তা দেখা দিলে জননিরাপত্তার প্রতি মানুষের আস্থা দুর্বল হতে পারে।
সরকারের প্রতি ছয় দফা দাবি:
১. অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
২. নিহত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং মৃত্যুর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
৩. জনপরিবহন, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো।
৪. আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার ও মানবাধিকারসম্মত উপায়ে কাজ করা এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা।
৫. বিস্ফোরক ও নাশকতার অর্থায়নের মূল উৎস ও নেটওয়ার্ক চিহ্নিত করা।
৬. গুজব ও আতঙ্ক রোধে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিকদের নিয়মিত ও স্বচ্ছ তথ্য জানানো।
সিটিজেন ইনিশিয়েটিভ স্পষ্ট করে জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুচিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি।



