যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মতবিনিময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে লন্ডনের মেফেয়ার হলের বাইরে ঘটে যাওয়া এই মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিকবার লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[ভিডিওঃ সাংবাদিক আবু সুফিয়ানের ওয়াল থেকে সংগৃহিত]
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে জানা যায়, যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের সরকারি ও সামাজিক সফরের অংশ হিসেবে লন্ডনের মেফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনের জন্য সমবেত হন।
একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা ভেতরে প্রবেশ করা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছুড়ে মারে এবং প্রাঙ্গণের বাইরে অবস্থানরত এনসিপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ সময় চারজন মাথায় মারাত্মক আঘাত পান এবং তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে লন্ডন পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে আয়োজক সূত্র জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাহিদ ইসলাম নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই পেছনের পথ দিয়ে নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সভা শেষে একই পথে বেরিয়ে যান।
বিলেতের প্রবাসী বাংলাদেশি সমাজ ও বিভিন্ন নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত ও ডিম-বোতল ছোড়ার মতো সংস্কৃতির বহিঃপ্রকাশ বিদেশে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।
Shahed Shafiq এর ওয়াল থেকে সংগৃহীত



